[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

রুনা হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় সড়ক-রেল অবরোধ, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৫:৫০ এএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্বজনরা।

এ সময় সড়ক ও রেললাইন অবরোধ করে তারা প্রতিবাদ জানান।


বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের মজমপুর এলাকায় বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।


প্রতিবাদকারীরা অভিযোগ করেন, ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সব আসামিকে গ্রেফতার করা হয়নি। তাদের দাবি, শুধু প্রধান আসামিকে গ্রেফতার দেখিয়ে অন্যদের আইনের আওতার বাইরে রাখা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। দ্রুত বিচার না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।


পরে তারা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন এবং একটি প্রতিনিধিদল পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যান।
বিক্ষোভে নিহত শিক্ষকের স্বামী ও পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচির কথাও উল্লেখ করেন।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া প্রধান আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজ কক্ষে আসমা সাদিয়া রুনা নিহত হন। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে, যার মধ্যে একজনকে গ্রেফতার করা হলেও অন্যরা এখনো পলাতক রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর