[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ মার্চ ২০২৬ ৬:১০ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে ইফতার ও দোয়ার আয়োজন করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রদল।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় চার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হল সংলগ্ন মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্টার অধ্যাপক ড. মো. আবু হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর ও হাবিপ্রবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নওশের ওয়ানসহ জাতীয়তাবাদী ঘরনার শিক্ষকবৃন্দ।

ছাত্রদল আয়োজিত এ গণ-ইফতারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও এ আয়োজনে অংশ নেন।

ছাত্রদলের হাবিপ্রবি শাখার আহ্বায়ক বার্নাড পলাশ দাস বলেন,পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ব-বোধের শিক্ষা দেয়। এটি শুধু ইফতার মাহফিল নয়, এটি ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা বহন করে। আমরা চাই হাবিপ্রবি হবে মতপ্রকাশের স্বাধীন, নিরাপদ ও গণতান্ত্রিক চর্চার উন্মুক্ত জায়গা।


তিনি আরো বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই— ক্যাম্পাসে যেন বৈষম্যহীন ও সহনশীল পরিবেশ বজায় থাকে।


ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এসআর

সম্পর্কিত খবর