শিক্ষাঙ্গনে ছাত্রীদের জন্য আরও সহায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এ প্রথমবারের মতো চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্রীদের জন্য এই বিশেষ সুবিধা চালু করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ মার্চ ২০২৬ থেকে কর্নারটি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
কলা ও মানবিক অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের নিচতলার দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত একটি টয়লেট কম্পার্টমেন্ট সংস্কার করে এ সুবিধা তৈরি করা হয়েছে।
প্রয়োজন অনুযায়ী জায়গাটি আধুনিকায়ন করে সেখানে নামাজ আদায়ের পৃথক স্থান, মাতৃদুগ্ধ কর্নার, বিশ্রাম ও প্রসাধন সুবিধা এবং স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, ছাত্রীদের স্বাচ্ছন্দ্য ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় রেখে উদ্যোগটি নেওয়া হয়েছে।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন ব্যবস্থা কেবল অবকাঠামোর বিষয় নয়; এটি স্বাস্থ্য, সম্মান ও আরাম নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি জানান, মেয়েদের মাসিককালীন প্রয়োজন ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি দীর্ঘদিন ধরেই যথাযথভাবে সমাধান করা সম্ভব হয়নি।
নতুন ভবন নির্মাণের সুযোগ না থাকায় বিদ্যমান স্থান সংস্কার করে টাইলস, রঙ ও অভ্যন্তরীণ সাজসজ্জার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও উপযোগী পরিবেশ গড়ে তোলা হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা—বিশেষ করে উপাচার্য, প্রো-উপাচার্য ও ট্রেজারারের সমর্থন—এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতে প্রতিটি একাডেমিক ভবনে এ ধরনের পৃথক কর্নার গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ছেলে-মেয়ে সবার জন্য টয়লেটের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ ক্যাম্পাসে ছাত্রীবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
এসআর
মন্তব্য করুন: