ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিভাগের সভাপতির অনুপস্থিতির কারণে নির্ধারিত নিয়োগ বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (২৫ জানুয়ারি) নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দুপুর আনুমানিক ২টার দিকে শিক্ষার্থীরা বটতলা প্রাঙ্গণে জড়ো হয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে শিক্ষার্থীরা নিয়োগ বোর্ড বাতিলের পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে চান এবং জাতীয় সংসদ নির্বাচনের আগেই শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ জানান, বিভাগের সভাপতি পূর্বে বোর্ডে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত না থাকায় বোর্ডটি স্থগিত করতে হয়। তিনি আরও জানান, বোর্ডের বাকি তিন সদস্য এবং নিয়োগপ্রার্থী সবাই নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন। সভাপতির সঙ্গে দ্রুত যোগাযোগ করে পুনরায় বোর্ড আহ্বান করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এদিকে বিভাগের সভাপতি ড. রশিদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলমান সেশনজটের অন্যতম কারণ হচ্ছে পর্যাপ্ত শিক্ষক না থাকা।
বিক্ষোভে জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির, খেলাফত ছাত্র মজলিস এবং ইবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: