[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে ৩৮ হাজার কোটি টাকা বেনামি ঋণ নিয়েছে এস আলম গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫ ৯:২১ এএম

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বেনামি ঋণের মাধ্যমে প্রায় ৩৮ হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস আলম গ্রুপের বিরুদ্ধে।

এ অর্থের মূল সুবিধাভোগী ছিলেন গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম। বিপুল অঙ্কের এই টাকা দেশের বাইরে পাচার হয়ে যাওয়ারও আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আবদুল মান্নান জানান, তিনটি পৃথক অডিট রিপোর্টে নিশ্চিত হয়েছে যে এস আলম গ্রুপ বেনামি ঋণের মাধ্যমে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় তারা ভুয়া নামে ঋণ গ্রহণ করে। এই ঋণ পরিশোধ না হওয়ায় ব্যাংকটি মারাত্মক সংকটে পড়েছে।

তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে আমানতকারীদের স্বার্থ সবার আগে নিশ্চিত করতে হবে।”

ব্যাংকখাত সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, আলাদা করে এসব ব্যাংক টিকিয়ে রাখা সম্ভব নয়।

তবে এ সিদ্ধান্তকে ঘিরে ব্যাংকগুলোর কর্মীদের চাকরির নিরাপত্তা এবং আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

অর্থনীতিবিদরা মনে করছেন, একীভূতকরণের প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ ও পরিকল্পিতভাবে সম্পন্ন করতে হবে। এতে যেমন আমানতকারীদের স্বার্থ রক্ষা পাবে, তেমনি কর্মীদের চাকরিও সুরক্ষিত থাকবে। পাশাপাশি যাদের অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকগুলো দুর্বল হয়ে পড়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।

এসআর

সম্পর্কিত খবর