[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বিদ্যুৎ খাতে ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫ ৮:৪১ এএম

ফাইল ছবি

জ্বালানি খাতের উন্নয়নে বাংলাদেশকে ৩ কোটি মার্কিন ডলার (প্রায় ৩৬৭ কোটি ১৪ লাখ টাকা) অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্বব্যাংক।

বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রতি ডলার ১২২ টাকা ৩৮ পয়সা হিসাবে নির্ধারিত হয়েছে। এই অর্থায়ন 'এনহ্যান্সমেন্ট অ্যান্ড স্ট্রেনথেনিং অব পাওয়ার ট্রান্সমিশন নেটওয়ার্ক ইন ইস্টার্ন রিজন' প্রকল্পে যুক্ত হবে, যার মাধ্যমে বৃহত্তর কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী অঞ্চলে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংকের মধ্যে এই ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্বব্যাংকের স্কেল আপ ফ্যাসিলিটি (এসইউএফ) তহবিল থেকে প্রকল্পটির মূল ঋণচুক্তি ২০১৮ সালের ১০ এপ্রিল স্বাক্ষরিত হয়েছিল, যার পরিমাণ ছিল ৪৫০.৬৪ মিলিয়ন মার্কিন ডলার। তবে, কোভিড-১৯ এর কারণে এর মধ্যে ৫০ মিলিয়ন মার্কিন ডলার প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে প্রকল্পটির সফল সমাপ্তি লক্ষ্যে অতিরিক্ত ৩ কোটি ডলার প্রয়োজন হওয়ায় বিশ্বব্যাংক থেকে নতুন করে ঋণ সহায়তা নেওয়া হচ্ছে।

এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। ঋণের সুদের হার হবে ১.২৫ শতাংশ এবং সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ। এছাড়া, অনুত্তোলিত ফান্ডের ওপর সর্বোচ্চ ০.৫০ শতাংশ কমিটমেন্ট চার্জ হলেও, পূর্বের মতো এবার বিশ্বব্যাংক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই অর্থবছরে কোন কমিটমেন্ট ফি দিতে হবে না।

এসআর

সম্পর্কিত খবর