দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি এই
খাতের উৎপাদনশীলতা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি আরো সম্প্রসারণের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এই তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণমূলক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ প্রধান অতিথি এবং নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ঋণ বিভাগ-২ (এসিডি-২)-এর পরিচালক একেএম সাইদুজ্জামান। এছাড়া কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং এসএমই ও কৃষি বিভাগের প্রতিনিধি শরীফ হাসান মামুন।
এই পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে উত্তরবঙ্গের কৃষি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ খাতে ঋণপ্রবাহ সহজ করা হবে। এতে কৃষিপণ্যের ‘Agri Value Chain’ আরও শক্তিশালী হবে, নতুন কৃষি-উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়নের সুযোগ তৈরি হবে এবং অঞ্চলটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে। কৃষি খাতের প্রতিটি ধাপ সমন্বিত অর্থায়নের আওতায় এনে একটি টেকসই কৃষি ব্যবস্থা বিনির্মাণে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসআর