[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যাংকগুলোর জন্য নতুন নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৮:০৭ এএম

সংগৃহীত ছবি

বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপের বিষয়টি বিবেচনায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ এবং জ্বালানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়।


নির্দেশনায় বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রপাতি, লাইট, ফ্যান ও এসি কেবল প্রয়োজন অনুযায়ী চালু রাখতে হবে। দিনের আলো যতটা সম্ভব কাজে লাগানোর পাশাপাশি এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে।


এছাড়া অফিসিয়াল গাড়ির ব্যবহার সীমিত করা, অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো এবং কর্মকর্তাদের গণপরিবহন বা কার-শেয়ারিং ব্যবহারে উৎসাহিত করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে জেনারেটরের জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় আলোকসজ্জা এবং ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ডের ব্যবহার সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে ব্যাংক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহারে সচেতনতা বাড়াতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর জারি করা বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহারসংক্রান্ত আগের নির্দেশনাগুলোও কঠোরভাবে অনুসরণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর