[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

৫ ব্যাংকের আমানতকারীদের টাকা উত্তোলন প্রসঙ্গে যা জানাল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ৬:৫১ পিএম

সংগৃহীত ছবি

একীভূত হওয়া সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত শিগগিরই কার্যকর হতে যাচ্ছে।

তবে এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ বা সময় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে সোমবার (২৯ ডিসেম্বর) থেকে মার্জারের আওতাভুক্ত একটি ব্যাংকের আমানতকারীরা টাকা তুলতে পারবেন—এমন সংবাদ প্রকাশিত হয়েছে, যা সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মার্জারের আওতাভুক্ত পাঁচটি ব্যাংকের আমানতকারীদের জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুবিধা শিগগিরই চালু করা হবে। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বা সময় এখনো নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক।
পরবর্তীতে গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় এসব ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক লাইসেন্স দেওয়া হয়। এরপর গত ৩০ নভেম্বর চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিগত সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গোষ্ঠী জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ নেওয়ায় এসব ব্যাংক গভীর সংকটে পড়ে। সেই প্রেক্ষাপটেই পাঁচটি সংকটাপন্ন ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যেভাবে টাকা তুলতে পারবেন আমানতকারীরা
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যেসব আমানতকারীর হিসাবে দুই লাখ টাকা বা তার কম রয়েছে, স্কিম কার্যকর হলে তারা পুরো অর্থ একবারে উত্তোলন করতে পারবেন। আর যাদের হিসাবে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে, তারা প্রতি তিন মাস অন্তর সর্বোচ্চ এক লাখ টাকা করে দুই বছর পর্যন্ত তুলতে পারবেন।
তবে ৬০ বছরের বেশি বয়সী গ্রাহক এবং ক্যানসার বা জটিল রোগে আক্রান্ত আমানতকারীদের ক্ষেত্রে এই সীমা শিথিল থাকবে। প্রয়োজন অনুযায়ী তারা যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচটি ব্যাংকে বর্তমানে প্রায় ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণের পরিমাণ ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে।
সারা দেশে এসব ব্যাংকের রয়েছে ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ। একীভূত হওয়ার পর একই এলাকার একাধিক শাখা একত্র করে সংখ্যা কমানো হবে। ব্যাংকগুলোর পরিচালন ব্যয় কমাতে ইতোমধ্যে কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ হ্রাস করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর