রাজধানীতে আবারও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
পুলিশ জানায়, মেট্রো স্টেশনের কাছে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বাসের চালক ও সহকারী আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটির পেছনের দিকে কয়েকটি আসন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে সেটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
ওসি জালাল উদ্দিন বলেন, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়েছেন তারা। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বারিধারার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তারা। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সাভার থেকে নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি যাত্রী নামানোর পরপরই আগুনের শিকার হয়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এফ/ডি