ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নাগরিক সেবা সহজ ও আধুনিক করতে
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ পাঁচটি ব্যাংকের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার আয়োজিত অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের উপস্থিতিতে এ চুক্তি সম্পন্ন হয়। কমিউনিটি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক ও অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন।
এই চুক্তির ফলে ডিএসসিসির আওতাধীন নাগরিকেরা এখন কমিউনিটি ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি ও অন্যান্য সার্ভিস চার্জ পরিশোধ করতে পারবেন। এর ফলে সরাসরি সিটি কর্পোরেশন কার্যালয়ে যাওয়ার ঝামেলা কমবে এবং সময়সাশ্রয়ী পেমেন্ট সুবিধা মিলবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খয়বর রহমান ও প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ উপস্থিত ছিলেন। কমিউনিটি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ড. মোঃ আরিফুল ইসলাম, মামুন উর রহমান, জাহির আহমেদ ও রাবেয়া পারভিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই প্রসার সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় প্রক্রিয়াকে আরও কার্যকর ও নিরাপদ করবে।
এসআর