রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন শান্ত এবং বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, অপরাধের সঙ্গে যে রাজনৈতিক দলের নেতাকর্মীরাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী হিসেবে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিমানবন্দর থানা-পুলিশ জানায়, এ ঘটনায় গত ২৯ আগস্ট মো. সুমন বাদী হয়ে মামলা করেন।
মামলায় বিমানবন্দর ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ, বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেলকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, বাদীর বড় ভাই কাউসার মালয়েশিয়ায় থাকেন।
পরিবারের একটি বিয়ে ও ব্যক্তিগত ব্যবহারের জন্য তিনি গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে প্রায় ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান।
পরে ওই রাত ৮টার দিকে বাদী তার বন্ধু রোহান চৌধুরীকে সঙ্গে নিয়ে বিমানবন্দর এলাকা থেকে বড় ভাইয়ের পরিচিত এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণালংকারগুলো বুঝে নেন।
এরপর তারা ভাড়া করা একটি মাইক্রোবাসে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের বিপরীত পাশে গিয়ে নামেন।
এজাহারে অভিযোগ করা হয়, মাইক্রোবাস থেকে নামার পর কয়েকজন ব্যক্তি তাদের ঘিরে ফেলেন।
তারা বাদী ও তার বন্ধুকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলে মারধর করেন। একই সঙ্গে তাদের কাছে বোমা রয়েছে বলেও ভয় দেখানো হয়।
একপর্যায়ে তাদের কাছে থাকা ২০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনাস্থলে লোকজন জড়ো হতে শুরু করলে তারা স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যান।
পরে এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় আল আমিন শান্ত ও আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর