[email protected] সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ২:১৯ পিএম

সংগৃহীত ছবি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে গাজীপুরের পোশাকশিল্পে।

চলমান পরিস্থিতির মধ্যে নতুন করে আরও ২৯টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার রাতে ১৩টি এবং রোববার সকালে ১৬টি কারখানা বন্ধের নোটিশ দেওয়া হয়।

 

রোববার (১৫ নভেম্বর) গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, সকালে কয়েকটি এলাকায় শ্রমিকেরা আন্দোলনের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগের রাতেই ১৩টি কারখানা কর্তৃপক্ষ রোববার থেকে বন্ধ থাকার বিষয়টি শ্রমিকদের জানিয়ে দেয়। পরে সকালে আরও ১৬টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

 

সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানার প্রবেশপথে বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকেরা। ফলে কর্মস্থলে প্রবেশ না করেই তাঁদের ফিরে যেতে হয়। অনেক শ্রমিক দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কারখানা খোলার বিষয়ে কোনো নিশ্চয়তা পাননি।

 

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ চলছে। কোথাও সড়ক অবরোধ, কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হলে সংশ্লিষ্ট কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। শনিবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠন দুটি এ অবস্থান তুলে ধরে।

 

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু জানান, শিল্পকারখানার নিরাপত্তা এবং উৎপাদনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হওয়ায় কিছু কারখানা চালু রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া কারখানাগুলো শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ১৫ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শ্রম আইনের এই ধারায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক চাইলে ওই অংশ অথবা সম্পূর্ণ প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন। এমন পরিস্থিতিতে ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের মজুরি না দেওয়ার বিধানও রয়েছে।

 

গত মাসের শেষ দিকে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন শুরু হয়। পরে মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্প এলাকায় তা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনাও ঘটে। এতে একজন শ্রমিকের প্রাণহানি হয়।

 

শনিবার গাজীপুরের কালিয়াকৈর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। একই দিন সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ৪০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি আরও সাতটি কারখানায় এক দিনের ছুটি দেওয়া হয়।

 

শ্রমিকদের মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর