রংপুরের তারাগঞ্জে বাসের ভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে তিন যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চালক ও সহকারীর বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তাঁরা কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতদের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার রাতে কুমিল্লা থেকে সাইমুম পরিবহনের একটি বাসে করে জলঢাকার উদ্দেশে রওনা হন কয়েকজন শ্রমিক। পথে রংপুরের পাগলাপীর এলাকায় বাসের কর্মীদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে চালক ও সহকারীর বিরুদ্ধে।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মুকুল ও শাকিল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আতিকুল ইসলামকে উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে খিয়ারজুম্মা বাজার এলাকার লোকজন বাসটির গতিরোধ করে সেটি আটক করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর পেয়ে স্বজনেরা হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তাঁরা রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে।
এফ/ডি