[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

নারী শ্রমিকের মৃত্যুর গুজবে গাজীপুরে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ১১:৩৬ এএম

সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

শনিবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় কয়েক দফায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট তৈরি হয়।

 

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, তিন দিন আগে পুলিশের মারধরে এক নারী শ্রমিক আহত হয়েছিলেন। পরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা শনিবার সকালে কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ওই নারী শ্রমিকের মৃত্যুর খবরের কোনো সত্যতা নেই।

 

খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কথিত নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখেন আন্দোলনকারীরা।

 

একপর্যায়ে পুলিশ ১০ থেকে ১৫টি টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় খবর ছড়িয়ে পড়লে অন্য শ্রমিকেরাও আন্দোলনে যোগ দেন। বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ এলাকা ছেড়ে আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় গিয়ে পুনরায় মহাসড়ক অবরোধ করেন।

 

শনিবার বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা চলছিল। অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক জানান, গত বৃহস্পতিবারের আন্দোলনের সময় পুলিশের মারধরে আহত এক নারী শ্রমিক মারা গেছেন বলে তারা খবর পেয়েছেন। ওই ঘটনার বিচার চেয়েই তারা সড়কে নেমেছেন। তবে আন্দোলন চলাকালে পুলিশ টিয়ার শেল ও লাঠিপেটা করছে বলে অভিযোগ করেন তারা।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শনিবার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ব্যবহার করে।

 

তিনি আরও জানান, শ্রমিকেরা বারবার তিনটি এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল ও আশপাশে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এফ/ডি

সম্পর্কিত খবর