[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সবজি খাচ্ছি, না বিষ গিলছি? ঢাকার বাজারে আসা খাবারে মরণব্যাধির উপাদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬ ৮:৪০ এএম

সংগৃহীত ছবি

শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে চিকিৎসকরা প্রতিদিনের খাদ্যতালিকায় বেশি বেশি শাকসবজি রাখার

 পরামর্শ দেন। কিন্তু যে সবজি দিয়ে আমরা পুষ্টির চাহিদা মেটানোর চেষ্টা করছি, তা কি আদৌ নিরাপদ? রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের পাতে প্রতিদিন ঠিক কী ধরনের সবজি পৌঁছাচ্ছে, তা নিয়ে এক চাঞ্চল্যকর অনুসন্ধানে উঠে এসেছে ভয়ংকর চিত্র।

​কীটনাশক দিয়েই এক দিন পর বাজারে সবজি

ঢাকার খুব কাছে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকা। এখানকার কৃষক আব্দুর রাজ্জাক প্রায় ৪০ বছর ধরে কুমড়া, শসা, শিম ও ভুট্টাসহ বিভিন্ন সবজি চাষ করে আসছেন। সম্প্রতি তাঁর ক্ষেতে গিয়ে দেখা যায়, কাঁধে স্প্রে মেশিন নিয়ে চালকুমড়া ও শসার ক্ষেতে কীটনাশক ছিটাতেন ব্যস্ত তিনি। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই এই বিষ প্রয়োগ করছেন তিনি।

​কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা এভাবেই ক্ষেতে কীটনাশক দিই। মাস্ক পরি না। মাঝেমধ্যে বিষ দেওয়ার পরে মাথা ব্যথা করে, পরে আবার ঠিক হয়ে যায়।’

​কীটনাশক দেওয়ার কত দিন পর ফসল বাজারে বিক্রি করা হয়—এমন প্রশ্নে তিনি জানান, অনেক সময় বিষ দেওয়ার পরের দিন কিংবা এক দিন পরেই ক্ষেত থেকে ফসল তুলে বাজারে বিক্রি করে দেওয়া হয়। পোকার আক্রমণ বেশি হলে কোনো কোনো সপ্তাহে দুইবারও কীটনাশক স্প্রে করা হয়।

​এ সময় তিনি ‘প্রোক্লেম-০৫ এসজি’ নামের একটি কীটনাশকের প্যাকেট দেখিয়ে বলেন, আজ এটি দিয়েছেন এবং এক দিন পরেই তা বাজারে বিক্রি করবেন। অথচ ওই প্যাকেটের গায়ে লাল কালিতে স্পষ্টভাবে লেখা রয়েছে—‘প্রোক্লেম শেষ প্রয়োগের পরবর্তী সাত থেকে ১৪ দিন ফসল তোলা থেকে বিরত থাকতে হবে।’

​কিন্তু কে মানে এই নিয়ম? কৃষকদের ভাষ্য, নিয়ম মেনে সাত দিন অপেক্ষা করলে খরচই উঠবে না। বাজারে ভালো দাম পেলেই তা তুলে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। একই এলাকার আরেক কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আগের দিন গাছে বিষ দিয়ে পরের দিন ভোরেই সেই শসা তুলে ঢাকায় পাঠিয়ে দিই।’

​তদারকি নেই, চলছে কম দামের ক্ষতিকর বিষের ছড়াছড়ি

একই চিত্র পাওয়া গেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামেও। চরদিল্লি ও দরগ্রাম এলাকার কৃষকরা স্বীকার করেছেন, ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সের মতো আগাম শীতকালীন সবজিতে নিয়মিত কীটনাশক দিয়ে এক-দুদিনের মধ্যে তা বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় কৃষি অফিস বা প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় কৃষকরা বাপ-দাদার আমলের প্রথা অনুযায়ী যত্রতত্র বালাইনাশক ব্যবহার করছেন।

​পাশাপাশি খরচ বাঁচাতে কিছু অসাধু বিক্রেতার মাধ্যমে কম দামের ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর নামসর্বস্ব কীটনাশক ব্যবহার করছেন কৃষকরা। বেশি দামের ভালো কীটনাশক দেরিতে কাজ করলেও কম দামের বিষ দ্রুত কাজ করায় এবং লাভের পরিমাণ বেশি থাকায় এর চাহিদা রয়েছে তুঙ্গে।

​সাটুরিয়ার স্থানীয় ডিলার ও ব্যবসায়ীরা জানান, সরকারি অনুমোদিত ভালো ব্র্যান্ডের কীটনাশকে লাভ কম হলেও নন-ব্র্যান্ডের সস্তা কীটনাশকে বেশি লাভ পাওয়ায় তারাও এগুলো বিক্রি করতে বাধ্য হন। অথচ এ বিষয়ে উপজেলা কৃষি অফিস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর কোনো নজরদারি নেই। সাভারের বিরুলিয়ার ডিলার দ্বীপেন সাহার দাবি, তার দোকানে অনুমোদিত ওষুধ থাকলেও সাবডিলাররা এসব নিম্নমানের কীটনাশক বিক্রি করছেন।

​সবজিতে মিলছে মাত্রাতিরিক্ত সিসা, ক্যাডমিয়াম ও ক্ষতিকর জীবাণু

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য বলছে, বাজারের ৮ থেকে ১২ শতাংশ সবজিতে বালাইনাশকের সহনীয় মাত্রা পেরিয়ে গেছে। অন্যদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) ২০২৪-২৫ অর্থবছরের সাম্প্রতিক প্রতিবেদনে আরও ভয়ংকর তথ্য উঠে এসেছে। ঢাকার বিভিন্ন বাজার থেকে সংগৃহীত শাকসবজির নমুনায় ০.৩৩ পিপিএম ক্যাডমিয়াম এবং ১.১৬ থেকে ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা শনাক্ত হয়েছে। অথচ শাকসবজিতে সিসার সহনীয় মাত্রা মাত্র ০.৩ পিপিএম। অর্থাৎ, নির্ধারিত সীমার চেয়ে অন্তত সাত গুণ বেশি সিসা প্রবেশ করছে মানুষের শরীরে।

​এ ছাড়া লালশাক, বেগুন, ঢেঁড়স ও টমেটোর মতো সবজিতে ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের মতো ভারী ধাতুর মাত্রাতিরিক্ত উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘নেচার পোর্টফোলিও’-তে প্রকাশিত এক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ এলাকার বেগুনেও সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের বিপজ্জনক উপস্থিতি ধরা পড়েছে।

​জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকি

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, খাবারের মাধ্যমে নিয়মিত এসব ভারী ধাতু শরীরে প্রবেশ করলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়াসহ উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

​বিশেষজ্ঞদের মতে, এ বিষয়ে নির্দিষ্ট কোনো ফসল বা খাদ্যপণ্য নিয়ে আতঙ্কিত না হয়ে খাদ্য উৎপাদনের উৎসস্থল অর্থাৎ মাঠপর্যায়ে কীটনাশক ও রাসায়নিকের অনিয়ন্ত্রিত ব্যবহার কঠোরভাবে বন্ধ করতে হবে। সেই সঙ্গে কৃষকদের আধুনিক ও নিরাপদ বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করতে সরকারি নজরদারি এবং ভর্তুকি বাড়ানো জরুরি।

এইচ/এম

সম্পর্কিত খবর