সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নৌবন্ধন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় অঞ্চলের জেলে ও বাওয়ালিরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সুন্দরবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ পথে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার জেলে ও বাওয়ালিরা নৌকা নিয়ে অংশ নেন।
বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন জানান, সুন্দরবনে দস্যুদের অপতৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের জীবন ও সম্পদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে জীবিকা নির্বাহের পরিবেশ তৈরির দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
তিনি জানান, বনদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এর আগেও মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। তবে জেলে-বাওয়ালিদের অভিযোগ, এত প্রতিবাদের পরও সুন্দরবনে দস্যুদের তৎপরতা বন্ধ হয়নি। এতে বনজীবীদের মধ্যে আতঙ্ক ও অসন্তোষ বাড়ছে।
নৌবন্ধন থেকে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা, অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, দস্যুদের আস্তানা শনাক্ত করে তাদের নির্মূল এবং বনে মাছ ও কাঁকড়া আহরণে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা।
জেলেরা বলেন, বনদস্যুদের ভয়ে সুন্দরবনে প্রবেশ ও মাছ-কাঁকড়া আহরণ বন্ধ হয়ে গেলে উপকূলীয় এলাকার হাজার হাজার পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। তাই শুধু আশ্বাস নয়, দস্যুদের তৎপরতা স্থায়ীভাবে বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া জেলে বাবলু বলেন, সুন্দরবন তাঁদের জীবিকা নির্বাহের অন্যতম প্রধান অবলম্বন। নিরাপদে বনে যাতায়াত ও কাজের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
এফ/ডি