ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি গ্রামের প্রশাসনিক পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আন্দোলনকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে রেললাইন ও আখাউড়া স্থলবন্দর সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের চলাচল অনিশ্চয়তার মুখে পড়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার মো. রফিকুল ইসলাম অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকে রয়েছে। নিরাপত্তার কারণে কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেসকেও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করতে হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল—এই ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিষয়ে ৪ জুন সরকারি গেজেট প্রকাশিত হয়।
এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, সম্প্রতি বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নের অংশবিশেষ নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে এসেছে। প্রস্তাব অনুযায়ী, এসব এলাকা আখাউড়ার সঙ্গে যুক্ত বরিশল ইউনিয়নের আওতায় এনে ‘বরিশল’ নামে নতুন উপজেলা করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের দাবি, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করতে স্থানীয় সরকার বিভাগ থেকে দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পরই প্রতিবাদে রাস্তায় নামেন তারা।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
এফ/ডি