বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের
আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেছেন, "রেডি হও জামায়াত ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তান পাঠানো হবে।"
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
পাপিয়া তাঁর বক্তব্যে বলেন, নির্বাচিত সরকারের আট মাসে বিভিন্ন শর্ত জুড় দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে তিনি অভিযোগ করেন, তাদের দলের মধ্যে ইসলামের কোনো প্রকৃত আদর্শ নেই। আগামী নির্বাচনে মা-বোনদের বিরিয়ানির প্যাকেট, নতুন বোরখা বা ২০০ টাকার বিনিময়ে ভুল সিদ্ধান্ত না নেওয়ার এবং শফিক সাহেবের মিটিংয়ে না যাওয়ার জন্য তিনি আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, বিএনপি সর্বদাই জনগণের কথা চিন্তা করে এবং মানুষের অধিকার ও মুখের হাসি ফোটাতে কাজ করে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এছাড়াও জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।
এইচ/এম