[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-আগুন, আহত সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ২:২২ পিএম

সংগৃহীত ছবি

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল।

 শ্রমিকদের বিক্ষোভের মুখে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে নামলে কয়েক দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। সংঘর্ষে এক বিজিবি সদস্য এবং কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

 

সোমবার (২ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। সকাল গড়িয়ে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

 

অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার মুখে পড়েন সময় টেলিভিশনের একজন প্রতিবেদক ও ক্যামেরাপারসন। তাদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। পাশাপাশি এসএ টেলিভিশনের এক ক্যামেরাপারসন পায়ে আঘাত পেয়েছেন।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকদের বিক্ষোভের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ যৌথভাবে কাজ করছে।

এফ/ডি

সম্পর্কিত খবর