রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আবারও
রাজপথে নামার চেষ্টা করলে পুলিশ ২৩ জন পোশাক শ্রমিককে আটক করেছে। সোমবার (২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার এই আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকরা নতুন করে জড়ো হওয়ার চেষ্টা চালালে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান এবং সেখান থেকেই ২৩ জনকে আটক করা হয়।
উল্লেখ্য, এর আগে গতকাল রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনায় আরও ১১ জনকে আটক করা হয়েছিল। বর্তমানে মিরপুর এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রয়েছে।
এইচ/এম