ন্যায়বিচারের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার রক্ষা এবং রাষ্ট্রের কাছ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই করতে হবে। কোনো ব্যক্তি যদি কোনো কারণে জুলুমের শিকার হন, তবে তা নিঃসন্দেহে জুলুম হিসেবেই গণ্য হবে; তা কখনো ইনসাফ হতে পারে না।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ও সাংস্কৃতিক আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক আন্দোলনের ওপর পুলিশি পদক্ষেপের তীব্র সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, শ্রমিকরা তাদের সীমিত উপার্জন দিয়ে ঢাকায় বাসাভাড়া ও পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য তারা ন্যূেনতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো—তৃণমূলের এই যুক্তিসংগত দাবির প্রতি সংবেদনশীল না হয়ে পুলিশ উল্টো আন্দোলনরত শ্রমিকদের ওপর নির্বিচারে লাঠিপেটা চালাচ্ছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের এত রক্ত ও ত্যাগের পরও দেশের বিভিন্ন স্থানে কীভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে? রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে তাদের পুনর্বাসন করা হলেও সেগুলোর বিচার ও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, অথচ ন্যায্য দাবির আন্দোলনে নামা শ্রমিকদের ক্ষেত্রে কঠোর অবস্থান দেখানো হচ্ছে।
রাষ্ট্রব্যবস্থা ও আন্তর্জাতিক কূটনীতি প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হলেও বাস্তবে এর শাসনব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো এখনও দিল্লির দিকনির্দেশনা ও প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে। দিল্লির এমন আধিপত্যবাদ থেকে দেশকে সম্পূর্ণরূপে মুক্ত করতে না পারলে হাজারও শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। শহীদ ওসমান হাদিও দেশবাসীকে এই ঐতিহাসিক শিক্ষা দিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চ সবসময় শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অধিকার আদায়ের দাবি জানাতে চায়, তবে সেই ন্যায্য দাবির বিপরীতে নির্যাতন চালানো হলে রাজপথে জোরদার প্রতিবাদ অব্যাহত রাখা হবে।
উক্ত কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া ছাত্র-জনতা এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এইচ/এম