শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) হাজী আব্দুল মালেক মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রাজনগর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে প্রায় ৪০০টি তালগাছের চারা রোপণ করা হয়।
পাশাপাশি অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি ও সহকারী অধ্যাপক এসএম মিজানুর রহমান, সহ-সভাপতি এসএম আজিজুল হক, ডা. কবির আলম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহআলম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন, কাওসার আহমেদসহ পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মাস্টার সবুজ, মাস্টার আবুল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন সৈয়দ হেমায়েত হোসেন ও সৈয়দ সাজ্জাদ রায়হান।
হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের সভাপতি সহকারী অধ্যাপক এসএম মিজানুর রহমান বলেন, তাঁর বাবা হাজী আব্দুল মালেক মাস্টার ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সমাজসেবী।
শিক্ষার বিস্তার এবং মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন কাজ করেছেন।
তিনি বলেন, বাবার স্মৃতি ও আদর্শকে ধরে রাখতে প্রতিবছর অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছে।
এর পাশাপাশি সামাজিক, মানবিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমও পরিচালনা করা হয়।
এসএম মিজানুর রহমান আরও বলেন, বৃত্তি দেওয়ার উদ্দেশ্য হলো আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া।
অন্যদিকে ৪০০টি তালগাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে ভূমিকা রাখার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাঠাগারের নেতৃবৃন্দ জানান, হাজী আব্দুল মালেক মাস্টারের শিক্ষা ও মানবিকতার আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।
এসআর