[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

পটুয়াখালীতে মাটির নিচ থেকে রহস্যময় শব্দ: খনিজ সম্পদের সন্ধানে উৎসুক জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ মে ২০২৬ ৮:১০ এএম

সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালীয়াতলী ইউনিয়নের বড় পাড়া গ্রামে মাটির নিচ থেকে ভেসে আসা এক অদ্ভুত ও বিকট শব্দকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত ৩০ এপ্রিল সকালে কৃষক আশোক আলী মৃধা তার জমিতে গরু চরাতে গিয়ে প্রথম

 এই আওয়াজ শুনতে পান। পরবর্তীকালে মাটি খুঁড়লে শব্দের তীব্রতা আরও বেড়ে যায় এবং বিভিন্ন স্থান থেকে বুদবুদ বের হতে দেখা যায়।

​এই রহস্যময় ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিপুল সংখ্যক উৎসুক জনতা সেখানে ভিড় জমান। স্থানীয়দের ধারণা, মাটির নিচে প্রাকৃতিক গ্যাস বা অন্য কোনো খনিজ সম্পদের উপস্থিতি থাকতে পারে। তবে মাটির নিচ ধসে পড়ার ভয়ে অনেক গ্রামবাসী আতঙ্কেও রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

​মৃত্তিকা বিজ্ঞান বিশেষজ্ঞদের মতে, ভূ-পৃষ্ঠের উপরিভাগে সাধারণত প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা কম থাকলেও মিথেন গ্যাসের উপস্থিতি থাকা অসম্ভব নয়। পার্শ্ববর্তী জেলা ভোলায় গ্যাসের সন্ধান পাওয়ায় এখানেও জীবাশ্ম জ্বালানির অস্তিত্ব থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কলাপাড়া উপজেলা প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা ও কৌতূহল নিরসনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ভূতাত্ত্বিক জরিপ বা সার্ভের উদ্যোগ নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর