[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দৌলতদিয়ায় ধরা পড়া দুই কাতল মাছ ৯৬ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬ ৩:১৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে বড় আকৃতির দুটি কাতল মাছ ধরা পড়েছে। সাড়ে ২৮ কেজি এবং ১৮ কেজি ওজনের এই মাছ দুটি

 ৯৬ হাজার ১০০ টাকায় কিনে নিয়েছেন কুষ্টিয়ার এক সিঙ্গাপুর প্রবাসী।

​শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার পৃথকভাবে জাল ফেলে মাছ দুটি ধরেন। সকালে দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে মাছগুলো বিক্রির জন্য আনা হলে উন্মুক্ত নিলামের মাধ্যমে ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ সেগুলো কিনে নেন।

​নিলামে সাড়ে ২৮ কেজি ওজনের মাছটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে ৬২ হাজার ৭০০ টাকায় এবং ১৮ কেজি ওজনের মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে ৯১ হাজার ৫০০ টাকায় মাছ দুটি কিনে নেন ওই ব্যবসায়ী।

​পরবর্তীতে সম্রাট শাহজাহান মাছগুলোর ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করলে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তি তা কেনার আগ্রহ প্রকাশ করেন। কেজি প্রতি ১০০ টাকা লাভে মোট ৯৬ হাজার ১০০ টাকায় মাছ দুটি তার কাছে বিক্রি করা হয় এবং প্রবাসীর কুষ্টিয়ার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় মৎস্য বিভাগ জানায়, এই এলাকায় প্রায়ই এমন বড় মাছ ধরা পড়ছে, যা জেলে ও ব্যবসায়ী উভয়ের জন্যই লাভজনক।

এসআর

সম্পর্কিত খবর