[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

পদ্মায় পড়া বাসের অবস্থান শনাক্ত, পন্টুনের নিচে আটকে উদ্ধার বাধাগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১২:০৮ পিএম

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটির অবস্থান শনাক্ত করেছেন উদ্ধারকর্মীরা।

ডুবুরি দলের সদস্যরা জানিয়েছেন, বাসটি পন্টুনের নিচে আটকে থাকায় ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে।


বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ৩ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার অভিযান শুরু হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিখোঁজ যাত্রীদের স্বজনরা।


উদ্ধারকারীরা জানান, পন্টুনের নিচে অবস্থানের কারণে বাসটির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তবুও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও বিলম্বে এসে উদ্ধার তৎপরতায় যোগ দেয়।
বাসটির এক যাত্রী আবদুল আজিজুল জানান, দুর্ঘটনার সময় তিনি সাঁতরে প্রাণে বাঁচলেও তার স্ত্রী ও সন্তান এখনও নিখোঁজ। বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিল এবং এতে থাকা অল্প কয়েকজন যাত্রী সাঁতরে উঠতে সক্ষম হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল আনা হচ্ছে এবং ঢাকার সদর দপ্তর থেকেও অতিরিক্ত সহায়তা পাঠানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর