ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের একটি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার দড়িভেলানগর এলাকার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলের দিকে ছুটে যান।
সেখানে গিয়ে দেখেন পুলিশের গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে আছে এবং কয়েকজন সদস্য আহত অবস্থায় পড়ে আছেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত এক সদস্যের নাকে আঘাত লেগেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, দড়িভেলানগর এলাকায় পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে সাতজন সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি দ্রুত উদ্ধার করার ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: