[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

লালমনিরহাট সীমান্ত জেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২ এএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাটে প্রস্তুতি শেষ পর্যায়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারী ) দুপুর ১২টা থেকে জেলার তিনটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের জন্য কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সদর উপজেলাসহ তিন আসনের বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব সরঞ্জাম বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জেলায় মোট ভোটার রয়েছেন ১১ লাখ ৪৪ হাজার ৪৯৬ জন।


অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা জুড়ে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে বিভিন্ন এলাকায় টহল ও যৌথ মহড়া বাড়ানো হয়েছে।

সীমান্ত এলাকা হওয়ায় অনুপ্রবেশ ও অস্ত্র পাচার ঠেকাতে বিজিবিকে বাড়তি সতর্ক অবস্থানে রাখা হয়েছে।


প্রশাসনের পক্ষ থেকে দুর্গম চরাঞ্চল ও সীমান্ত সংলগ্ন ১০৬টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি নজরদারি জোরদার করা হয়েছে।


সরঞ্জাম নিতে আসা এক প্রিজাইডিং কর্মকর্তা কামরুজ্জামান বলেন, প্রশাসনের সহায়তায় নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য।


লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস জানান, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় প্রতিটি উপজেলায় একাধিক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। বিশেষ করে চর ও দুর্গম এলাকার কেন্দ্রগুলোর জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর