[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

লক্ষ্মীপুরে অবৈধ ভোট সিল তৈরির অভিযোগে মামলা, একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৫ এএম

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে বেআইনিভাবে ভোটের সিল তৈরির অভিযোগে এক ব্যবসায়ী ও এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

 অভিযানে ছয়টি ভোটের সিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত রাজনৈতিক নেতা সৌরভ হোসেন শরীফ এখনও পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটক সোহেল রানাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। অপরদিকে আত্মগোপনে থাকা শরীফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা জামায়াতের শীর্ষ নেতৃত্ব।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার একটি প্রিন্টিং দোকানে অভিযান চালানো হয়। এ সময় ১৬ ঘর বিশিষ্ট ছয়টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং শহরের পুরাতন আদালত সড়কের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানের মালিক। অপর আসামি সৌরভ হোসেন শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি বলে পুলিশ জানিয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে ৩০ জানুয়ারি শরীফ সোহেলের কাছে একাধিক ভোটের সিল তৈরির অর্ডার দেন। এ সংক্রান্ত হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ ও কথোপকথনের তথ্যপ্রমাণ পুলিশ পেয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপি ও জামায়াত পৃথক সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলে। বিএনপির পক্ষ থেকে আটক ব্যবসায়ীকে জামায়াতের কর্মী দাবি করা হলেও জামায়াত তা অস্বীকার করেছে।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী আরও জানান, গ্রেপ্তার সোহেলের কাছ থেকে আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর