নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নওগাঁ সফরে এসে একটি বৃহৎ জনসভায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে শহরের এটিএম মাঠে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানান। মঞ্চে উঠে তিনি উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং পরে প্রধান অতিথির আসনে বসেন।
এই সমাবেশে নওগাঁ জেলার পাশাপাশি বগুড়া ও জয়পুরহাট জেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি দেখা যায়। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন, যেখানে সন্ধ্যায় আরেকটি নির্বাচনী সমাবেশে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানুষের ব্যাপক উপস্থিতিতে এটিএম মাঠ ও আশপাশের সড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়।
সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি ডগ স্কোয়াড ও ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
জনসভায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন আসনের দলীয় মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একই দিনে তারেক রহমান রাজশাহীতে একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন এবং হজরত শাহ মখদুম (রহ.)–এর মাজার জিয়ারত করেন।
এসআর