যান্ত্রিক শহুরে জীবনের কোলাহল থেকে অনেক দূরে, গ্রামের নীরব-নির্জন পরিবেশে একটি সাধারণ টিনের ঘরকে ব্যতিক্রমী সৌন্দর্য ও সৃজনশীলতার অনন্য উদাহরণে রূপ দিয়েছেন এক গৃহিণী।
মাদারীপুর জেলার শিবচর উপজেলার নলগোড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানিমা হোসেন নিজের রুচি ও পরিকল্পনার মাধ্যমে এই ব্যতিক্রমী ঘরটি গড়ে তুলেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এটি তানিমা হোসেনের পৈতৃক বাড়ি। তবে ঘরের প্রতিটি অংশে রয়েছে তার ব্যক্তিগত চিন্তাভাবনা ও নান্দনিকতার স্পষ্ট ছাপ।
শহর থেকে প্রয়োজন অনুযায়ী সাজসজ্জার উপকরণ সংগ্রহ করে তিনি ঘরটিকে সাজিয়েছেন আধুনিকতার সঙ্গে গ্রামীণ ঐতিহ্যের সুষম সমন্বয়ে।
ঘরের এক পাশে রাখা হয়েছে পরিপাটি একটি কফি কর্নার, যেখানে পরিবারের সদস্য ও অতিথিরা অবসর সময়ে চা-কফির স্বাদ নিতে পারেন।
শিশুদের বিনোদনের জন্য আলাদা একটি খেলাধুলার জায়গাও রাখা হয়েছে। এছাড়া ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা বাবুই পাখির বাসা প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের প্রতীক হিসেবে আলাদা আকর্ষণ তৈরি করেছে।
সবচেয়ে ব্যতিক্রমী দিক হলো—ঘরের ভেতরেই রোপণ করা হয়েছে একটি শসা গাছ, যেখানে নিয়মিত ফলন হচ্ছে।
এতে ঘরের অভ্যন্তরেই প্রকৃতির উপস্থিতি অনুভব করা যায়। ঘরের মাঝখানে স্থাপন করা হয়েছে নবাবি ধাঁচের একটি পুরোনো খাট, যা ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি ঐতিহ্যকেও ধারণ করে রেখেছে।
পর্যাপ্ত জানালা থাকায় ঘরের ভেতরে প্রাকৃতিক আলো ও বাতাস চলাচলের সুযোগ রয়েছে। ফলে সারাদিন ঘরটি থাকে উজ্জ্বল ও আরামদায়ক।
এ বিষয়ে তানিমা হোসেন বলেন,
“টিনের ঘর হলেও আমি চেয়েছি এখানে যেন মানসিক শান্তি আর স্বস্তির পরিবেশ থাকে।
সীমিত সামর্থ্যের মধ্যেও যদি পরিকল্পনা আর মন থেকে ভালোবাসা থাকে, তাহলে যে কোনো ঘরই সুন্দর করে তোলা সম্ভব। প্রকৃতির কাছাকাছি থাকতে আমি ঘরের ভেতরেই গাছ রেখেছি।
তিনি আরও বলেন,
“অনেকে মনে করেন সুন্দর ঘর মানেই অনেক খরচ। আমি দেখাতে চেয়েছি, রুচি আর সৃজনশীলতা থাকলে সাধারণ ঘরও ব্যতিক্রমী হয়ে উঠতে পারে।
একই এলাকার বাসিন্দা জিহাদ খান বলেন,
“আমাদের এলাকায় এমন ঘর আগে দেখিনি। টিনের ঘরের ভেতরে এত সুন্দর ও পরিকল্পিত সাজসজ্জা সত্যিই প্রশংসনীয়। তানিমা আপার চিন্তাভাবনা আমাদের নতুনভাবে ভাবতে শেখাচ্ছে।
তিনি আরও জানান, এই উদ্যোগ গ্রামীণ জীবনে সৌন্দর্যবোধ ও সৃজনশীলতার নতুন মাত্রা যোগ করেছে।
তানিমা হোসেনের এই ব্যতিক্রমী প্রয়াসে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন।
অনেকেই তার ঘর দেখে অনুপ্রাণিত হয়ে নিজেদের ঘর নতুনভাবে সাজানোর পরিকল্পনা করছেন।
সবশেষে বলা যায়, সীমিত সামর্থ্যের মধ্যেও পরিকল্পনা, রুচি ও সৃজনশীলতার মাধ্যমে একটি সাধারণ টিনের ঘরকেও যে আরামদায়ক ও নান্দনিক করে তোলা সম্ভব- শিবচরের গৃহিণী তানিমা হোসেন তার বাস্তব উদাহরণ তৈরি করেছেন।
এসআর
মন্তব্য করুন: