রোববার (১ মার্চ) অমর একুশে বইমেলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।
এদিন মেলা শুরু হবে দুপুর ২টায় এবং দর্শনার্থীদের জন্য খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত।
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে ‘স্মরণ: হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম।
প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির এবং আলোচনায় অংশ নেবেন আইভি জামান। আলোচনা শেষে বিকেল ৪টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
এদিকে মেলার তৃতীয় দিন (শনিবার) ৩৮টি নতুন বই প্রকাশিত হয়েছে। নতুন বইয়ের প্রদর্শনী ঘিরে শুরু থেকেই বইপ্রেমীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
মেলা উপলক্ষে আয়োজিত আরেক আলোচনা সভায় ভাষা আন্দোলনের সংগঠক আহমদ রফিক-এর জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
তারা বলেন, তিনি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সমাজ গঠনের স্বপ্ন দেখতেন এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব ছিলেন।
এবারের মেলায় অংশ নিয়েছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে ৪৬৮টি স্টল।
মোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি। গত বছর অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৭০৮।
চলতি বছরের বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।
এসআর
মন্তব্য করুন: