[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ফের শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫ ১১:৪৬ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সংগঠক শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে ফের রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর থেকেই বিভিন্ন পেশার মানুষ শাহবাগে অবস্থান নেন।

ভোরের দিকে বিক্ষোভকারীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে। বিক্ষোভকারীরা হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বর ও রাজু ভাস্কর্যের সামনে কয়েকশ শিক্ষার্থী জড়ো হন।

ডাকসুর নেতৃত্বে একটি বড় মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে চলমান আন্দোলনে যোগ দেয়।

আন্দোলনে সংহতি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলমসহ জাতীয় ছাত্রশক্তির একাধিক নেতা বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ চলাকালে রাত সাড়ে ১১টার দিকে উত্তেজিত একটি দল দৈনিক প্রথম আলোডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

এসআর

সম্পর্কিত খবর