[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর ঘিরে বিতর্ক, ভিসা অনুমোদন নিয়ে প্রশ্ন

মেহেদী হাসান

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৭:৫৭ পিএম

বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর ঘিরে দেশটির রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

 অস্ট্রেলিয়ার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে তার অতীতের কিছু বক্তব্য, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের প্রতি প্রশংসাসূচক মন্তব্য এবং অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

এই সফরকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের একটি অংশ ও স্থানীয় মুসলিম সংগঠনগুলো তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেও ডানপন্থী রাজনৈতিক মহল এবং কয়েকটি ধর্মীয় সংগঠন সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে। ফলে সফরটি ঘিরে দেশটিতে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে যেসব বিষয় উঠে এসেছে

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর ডা. শফিকুর রহমান তাকে ‘বীর’ ও ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে শোকবার্তা দিয়েছিলেন।

এ ছাড়া কর্মজীবী নারীদের নিয়ে তার অতীতের একটি বিতর্কিত মন্তব্য এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর ভূমিকার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক কয়েক সপ্তাহ আগে ভিসা যাচাই-বাছাই কঠোর করার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে ডা. শফিকুর রহমান কীভাবে অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন, তা নিয়ে দেশটির সরকারের কাছে প্রশ্ন তুলেছে সমালোচকরা।

 

ভিসা বাতিলের দাবি ডানপন্থী মহলের

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির অভিবাসনবিরোধী ও ডানপন্থী রাজনৈতিক মহল, বিশেষ করে ওয়ান নেশন পার্টির সমর্থকদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।

সমালোচকদের একাংশের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের নির্বাচনী এলাকায় উল্লেখযোগ্য মুসলিম জনগোষ্ঠীর বসবাস থাকায় এ বিষয়ে তার অবস্থান নিয়ে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠতে পারে।

তারা অভিবাসন আইনের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে সফর শেষ হওয়ার আগেই ডা. শফিকুর রহমানের ভিসা বাতিল এবং তাকে অস্ট্রেলিয়া থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

 

ইহুদি ও হিন্দু সংগঠনের প্রতিবাদ

অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (AJA) এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (AHA) যৌথ বিবৃতিতে ডা. শফিকুর রহমানের সফরের সমালোচনা করেছে।

AJA সভাপতি রবার্ট গ্রেগরি প্রশ্ন তুলেছেন, সামাজিক সংহতি ও নিরাপত্তার বিষয় বিবেচনায় যেখানে ইসরায়েলের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের ভিসা বাতিল কিংবা প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানে হামাস নেতার প্রশংসা করেছেন এমন একজন রাজনৈতিক নেতাকে কীভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হলো।

 

প্রবাসী বাংলাদেশি ও মুসলিম সংগঠনগুলোর সংবর্ধনা

সমালোচনা ও প্রতিবাদের বিপরীতে অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় মুসলিম কমিউনিটির একটি বড় অংশ ডা. শফিকুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

গত ২০ নভেম্বর সিডনিতে পৌঁছালে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান। পরদিন ২১ নভেম্বর সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল (ANIC) তার সম্মানে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভার আয়োজন করে।

এ ছাড়া ক্যাম্পবেলটাউন ও ব্যাংকসটাউনে আয়োজিত বিভিন্ন সভায় প্রবাসীদের ভোটাধিকার, দেশের রাষ্ট্রীয় সংস্কার এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন তিনি। এসব অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।

 

সফর শেষে দেশের পথে

বিভিন্ন কর্মসূচি ও মতবিনিময় সভা শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

সব মিলিয়ে তার অস্ট্রেলিয়া সফর একদিকে প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির সংবর্ধনা, অন্যদিকে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় মহলের সমালোচনা—দুই বিপরীত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে।

এস/আর

সম্পর্কিত খবর