কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা এবং দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনার প্রতিবাদে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা এবং ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করবে দলটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
এনসিপির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণভোটের রায় বাস্তবায়ন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হওয়া প্রয়োজন। দলটির বিরুদ্ধে সংসদ ও রাজপথ—উভয় জায়গা থেকেই বিচার নিশ্চিতের দাবি জানিয়ে আসছে এনসিপি। বর্তমানে বিচার কার্যক্রমের গতি নিয়ে তাদের অসন্তোষ রয়েছে বলেও জানান তিনি।
রাজনৈতিক ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐক্যের বিষয়টি আলোচনায় এলেও এর ভিত্তি কী হবে, তা পরিষ্কার করা জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্য গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করে এনসিপি।
দলের রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক হামলা, অগ্নিসংযোগ এবং হাসপাতালে হামলার ঘটনায় কয়েক দিনে বাসচালকসহ পাঁচ থেকে ছয়জনের প্রাণহানি ঘটেছে। দেশের জনগণ ও সার্বভৌমত্বের স্বার্থে এসব তৎপরতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জরুরি বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যুক্তরাজ্য থেকে অনলাইনে অংশ নেন। দলের জ্যেষ্ঠ নেতারাও সভায় উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচিতে কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও সরাসরি অংশ নেবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এফ/ডি