[email protected] শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জামায়াত আমীর

মেহেদী হাসান

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬ ৫:৩৯ পিএম

ছয় দিনের সরকারি ও সাংগঠনিক সফরের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ এবং দলটির প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত তিনি এই দুই দেশ সফর করবেন।

 

সফরের মূল কর্মসূচি:
অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। পাশাপাশি অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন মতবিনিময় সভা ও অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন।

অস্ট্রেলিয়া সফর শেষে তিনি মালয়েশিয়া যাবেন এবং সেখানেও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নানা কর্মসূচিতে যোগ দেবেন।

 

সফরসঙ্গী ও বিদায় সংবর্ধনা:
এই সফরে বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন:

• জামায়াতের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ

• বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি

• ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান

• বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম

 

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ।

এস/আর

সম্পর্কিত খবর