[email protected] সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ১:০৯ পিএম

সংগৃহীত ছবি

ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন

 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ধৈর্যের সীমা যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

​বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

​রুহুল কবির রিজভী বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে তিনি ন্যাপ গঠন করলে সেই দলের নেতারাই তাকে ‘ভারতের চর’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পুলিশের গাড়ি ও বিএনপি নেতার বাড়িতে বোমা ও ককটেল হামলা চালাচ্ছে। কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে বসে ভিডিও বার্তার মাধ্যমে নাশকতার নির্দেশ দেওয়া হচ্ছে এবং দেশের কিছু টোকাইকে ব্যবহার করে বোমাবাজি করানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

​বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই পুরোনো ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজি করে প্রত্যাবর্তনের অপচেষ্টা চলছে। তবে যে জাতি মওলানা ভাসানী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দিয়েছে, সেই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে বা বোমা মেরে দমিয়ে রাখা যাবে না।

​মওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে রিজভী উল্লেখ করেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার আদায় এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে মওলানা ভাসানী আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯৫৭ সালেই তিনি উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান টিকবে না এবং এই দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ জানিয়েছিলেন এবং মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

​১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী অস্থির সময়ে এবং ১৯৭৬ সালে ফারাক্কা লংমার্চের মাধ্যমে মওলানা ভাসানী আধিপত্যবাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে জানান রিজভী। তিনি বলেন, মওলানা ভাসানীর পূর্ণাঙ্গ জীবনী এখনো রচিত হয়নি; নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দিতে তার সংগ্রামী জীবন নিয়ে আরও গবেষণা হওয়া প্রয়োজন।

​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মওলানা ভাসানীর দৌহিত্র নজরুল হক নান্নু, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং সঞ্চালনা করেন দলের প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এইচ/এম

সম্পর্কিত খবর