[email protected] বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভাঙ্গায় আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ১২:১৬ এএম

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় হামলার ঘটনায় উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।

নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। স্থানীয় বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায় বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করেন, তার ভাতিজাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুলও এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর