[email protected] বৃহঃস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অস্থিতিশীলতার ষড়যন্ত: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬ ৭:১৩ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে নেতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে

 পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

​বুধবার (১১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।

​তিনি বলেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করলেও কোনো অপরাধীকে রক্ষা করার নিশ্চয়তা দেয় না। তাই নাশকতার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে বিরোধী দলগুলোকেও নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি।

​দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, গণতন্ত্রে বিশ্বাসী কোনো মানুষই এমন সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করবে না।

​শেখ হাসিনা ও তার দল প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশের প্রচলিত আইন ও সংবিধানের আওতায় নিষিদ্ধ। তাদের রাজনৈতিক ইতিহাস রক্তপাত, হত্যা ও গুমের সংস্কৃতির সঙ্গে যুক্ত। দলটি আবারও সেই পুরোনো পথে ফিরে আসার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের শান্তিপ্রিয় ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী জনগণ তা কখনোই মেনে নেবে না। পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​দণ্ডিত শেখ হাসিনার পাসপোর্ট ও ভারতে অবস্থান প্রসঙ্গে রিজভী বলেন, "দণ্ডিত শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে ভারতের কোনো ধরনের মন্তব্য করার সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক এই রাজনৈতিক নেত্রীকে অন্য কোনো দেশ আশ্রয় না দিলেও ভারত দিয়েছে। তবে তাকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তা আন্তর্জাতিক সমর্থন পাবে না।" দেশের জনগণ যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

​একই সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে বিরোধী দলগুলোর (বিশেষ করে জামায়াতে ইসলামীর) ভূমিকা নিয়েও কথা বলেন রিজভী। বিরোধী দলগুলো বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাযথ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

​এর আগে বুধবার সকালে মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন রিজভী। সেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এইচ/এম

সম্পর্কিত খবর