গোয়েন্দা সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় তাদের সক্ষমতা ও
কার্যকারিতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের নানাভাবে নাজেহাল করতে গোয়েন্দা সদস্যরা সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় বিরোধীদলীয় নেতা বলেন, গোয়েন্দা সংস্থার অফিসের সামনেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। যেখানে তাদের নিজেদের কার্যালয়ই নিরাপদ নয়, সেখানে তারা কীভাবে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন—সে বিষয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।
বক্তব্যে গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্যের বিশ্বস্ততা নিয়ে সংশয় প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, অনেক সময় তাদের সরবরাহ করা ‘সফল’ তথ্য বাস্তবে শতভাগ ভুয়া প্রমাণিত হয়।
এ ছাড়া বিরোধী দলের সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে চাপ সৃষ্টির অভিযোগ তুলে ধরেন জামায়াত আমির। এক সংসদ সদস্যের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তিনি জানান, সম্প্রতি এক গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে ঐ সদস্যকে দল ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ঘটনাটি সত্যি নাকি ভুয়া তা নিশ্চিত হতে ফোন নম্বরটি সংরক্ষণ করে প্রয়োজনীয় তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তরের পরামর্শ দিয়েছেন বলে সংসদকে জানান তিনি।
সংসদে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, কোনো সংসদ সদস্যকে রাজনৈতিক দল ছাড়ার নির্দেশ বা পরামর্শ দেওয়ার অধিকার কোনো গোয়েন্দা কর্মকর্তার আদৌ রয়েছে কি না।
এ ধরনের আচরণকে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আখ্যা দিয়ে ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশ কি আবারও সাড়ে ১৫ বছরের মতো কোনো অন্ধকার যুগে ফিরে যাচ্ছে? দেশের মানুষ আর সেই পুরোনো অন্ধকার দিনে ফিরে যেতে চায় না বলে তিনি হুঁশিয়ারি দেন।
এইচ/এম