[email protected] বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬ ৬:৫৬ পিএম

সংগৃহীত ছবি

ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার

 প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

​মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

​ইশরাক হোসেন বলেন, বন্দিবিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। পাশাপাশি ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমেও তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত এক আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

​দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি উল্লেখ করেন, প্রায় ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করা সম্ভব নয়। আনসার ও ভিডিপি বাদে দেশে পুলিশ সদস্যের সংখ্যা প্রায় দুই লাখ। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​তিনি জানান, গত সোমবার সংসদীয় ও দলীয় বৈঠকে প্রধানমন্ত্রী এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবেন এবং রাজপথে সক্রিয় থাকবেন।

​সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে ইশরাক বলেন, কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে অসন্তোষ তৈরির চেষ্টা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নিয়ন্ত্রণে সফল হয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।

​আওয়ামী লীগের ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, এই কর্মসূচির কোনো গ্রহণযোগ্যতা নেই। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়েই দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কি না, তা ঠিক হবে।

​তিনি অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এসব কর্মকাণ্ড দিয়ে সরকারের কোনো ক্ষতি করা সম্ভব নয়। সকালে রাজধানীর যানজটের উদাহরণ টেনে তিনি দাবি করেন, সাধারণ মানুষ হরতালে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়নি।

​তিনি আরও জানান, চোরাগোপ্তা হামলা ও নাশকতায় জড়িতদের এবং অতীতে গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে।

​উক্ত সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এইচ/এম

সম্পর্কিত খবর