জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের
প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো অন্যায়-অবিচার, একনায়কতন্ত্র ও স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনা। সিপাহিরা বিপ্লব সংঘটিত করেছিলেন এবং জনগণ তাতে সংহতি প্রকাশ করেছিল। তিনি ১৯৭২ পরবর্তী সময়ের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড, বাকশাল গঠন ও বিভিন্ন রাজনৈতিক ঘটনার ইতিহাস তুলে ধরেন। এছাড়া তিনি স্বাধীনতার ইতিহাস নিয়ে কৃতিত্বের লড়াই না করে যার যেখানে অবদান তাকে স্বীকৃতি দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অধ্যাদেশ বাতিল ও দলীয় লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসানোর প্রবণতা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ঝুঁকি তৈরি করছে। বিরোধী দলের দায়িত্ব পালনকালে জনগণের অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী সাত দফা দাবি নিয়ে মাঠে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
এইচ/এম