[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

দুই মন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির বিক্ষোভ ৩০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ১০:০৬ পিএম

সংগৃহীত ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের বাড়তি দাম ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিন দফা দাবি সামনে রেখে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামী ৩০ অক্টোবর দুপুর ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে দলটি।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনসিপি এ কর্মসূচির কথা জানায়।

দলটির ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সাইবার আইনসহ সব কর্তৃত্ববাদী আইন বাতিল।

বিজ্ঞপ্তিতে এনসিপি অভিযোগ করেছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পর গণতন্ত্র ও ন্যায়বিচারভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বর্তমানে বিভিন্ন অপরাধ, চাঁদাবাজি, দখলদারত্ব, ছিনতাই এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে বাধাগ্রস্ত হচ্ছে।

দলটির দাবি, এসব ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ ভোগান্তিতে পড়ছেন।

এনসিপির বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাংবাদিক হত্যা, মিরপুরে হাসপাতাল গুঁড়িয়ে দেওয়া এবং প্রকাশ্যে ডাকাতির মতো ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পাশাপাশি চাল, ডাল, তেল, ডিম ও এলপিজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য এবং বিদ্যুৎ বিলের বাড়তি চাপ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে বলে দাবি করেছে দলটি।

এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এনসিপি জানিয়েছে, জনদুর্ভোগ কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তারা গণবিক্ষোভের কর্মসূচি পালন করবে।

এসআর

সম্পর্কিত খবর