জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনকে প্রকাশ্যে সতর্ক করে বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ।
তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ছাত্রদলের হাতেই থাকবে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত একটি ঘটনার সময় দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে জাফর আহমেদ অভিযোগ করেন, ছাত্রশিবির তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।
তার দাবি, কয়েকজন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত।
এছাড়া প্রশাসনের ভেতরে জামায়াত ও আওয়ামী লীগের সমর্থক রয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, এসব বিষয়ে আগেই প্রশাসনকে সতর্ক করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ক্যাম্পাস এবং এর নিয়ন্ত্রণও ছাত্রদলের হাতেই থাকবে।
একই সঙ্গে তিনি দাবি করেন, ক্যাম্পাসে জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগের কোনো অবস্থান মেনে নেওয়া হবে না।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, যারা মব সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের আবাসনসহ বিভিন্ন অধিকার বাস্তবায়নে বাধা দেয়, তাদের ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না।
উল্লেখ্য, একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্যান্য ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে জকসুর ভিপি-জিএস, কয়েকজন শিক্ষক, সাংবাদিকসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
এসআর