স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক থাকতে হবে। যারা জনকল্যাণে কাজ করবেন, তাদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে।
একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি বা অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশেরও প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলার সাহসই সাংবাদিকতার সবচেয়ে বড় শক্তি।
গণমাধ্যম রাজনীতিবিদদের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সঠিক পথে চলতে সহায়তা করতে পারে।
বিএনপির মহাসচিব আরও বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন।
দায়িত্ব পালন করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল জনগণের সামনে তুলে ধরা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট সত্য প্রকাশ করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।
তিনি অভিযোগ করেন, সত্য সংবাদ প্রকাশের কারণে অনেক সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হন, যা উদ্বেগের বিষয়।
তিনি বলেন, একটি দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য স্বাধীন ও কার্যকর সংবাদমাধ্যম অপরিহার্য।
এজন্য সাংবাদিকরা যেন বাধাহীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
নির্বাচনি অঙ্গীকারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপরও তিনি গুরুত্ব দেন।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। ইতিবাচক উদ্যোগের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড ও দুর্নীতির বিরুদ্ধে নির্ভয়ে সংবাদ প্রকাশ করা উচিত।
অনুষ্ঠানের শেষে তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসআর