ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন যে তিনি দ্রুতই এবং ‘মাথা উঁচু করে’ বাংলাদেশে ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক
পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলার সময় তিনি উল্লেখ করেন যে, অতীতে তাকে হত্যার চেষ্টা করা হলেও আওয়ামী লীগকে কখনো দমন করা যায়নি। সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা ব্যর্থ হয়েছিল এবং আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল; দেশে এখনো দলের বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মী বর্তমান সরকারের বিরুদ্ধে সক্রিয় রয়েছেন এবং দল আরও সংগঠিত হয়ে ফিরে আসার প্রস্তুতি নীরবে চালাচ্ছে। দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে তিনি জানান যে, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি বরং অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে গেছেন এবং তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরছেন।
এছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ভারতপন্থি’ হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি, বরং গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তির মতো বিষয়গুলোর মাধ্যমে আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে।
এসআর