[email protected] মঙ্গলবার, ১৯ মে ২০২৬
৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

আওয়ামী লীগের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে ২০২৬ ৬:৩৫ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের প্রশ্নে দেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ এবং এদেশে আর কখনো দলটিকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

 সোমবার (১৮ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে উপজেলা এনসিপি আয়োজিত এক পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যে দলের প্রধানরা দেশের লাখ লাখ নেতাকর্মীদের ফেলে পালিয়ে যায়, তাদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

​বক্তব্যে হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশকে ব্যবহারের মাধ্যমে বিরোধী মত দমনের সমালোচনা করেন। তিনি বলেন, হাসিনার আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার কারণে মানুষকে গ্রেপ্তার হতে হয়েছে এবং বর্তমান সময়েও একই পরিস্থিতি দেখা যাচ্ছে, যা কাম্য নয়। যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনা, সরকারি-বেসরকারি খাতে মেধাবীদের সুযোগ নিশ্চিত করা এবং এসএমই খাতকে শক্তিশালী করার ওপর জোর দিয়ে তিনি আগামী বাজেটে তরুণদের কর্মসংস্থান ও আধুনিক শিক্ষাব্যবস্থা সংশ্লিষ্ট দাবিগুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

​তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের তীব্র সমালোচনা করে বলেন, সাধারণ মানুষের সন্তানরা দেশে পড়াশোনা করলেও ক্ষমতাবানদের সন্তানরা বিদেশে পড়াশোনা ও চিকিৎসা নেয়। এই বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক সমস্যাকে বড় হুমকি উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান এবং মাদক কারবারিদের সঙ্গে থানার অসাধু সদস্যদের সম্পর্ক বন্ধে পুলিশ প্রশাসনকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করার দাবি তোলেন।

​জাতীয় যুব শক্তির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রায়হানের সভাপতিত্বে এবং চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারের সঞ্চালনায় এই পদযাত্রায় জামায়াত নেতা জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির মুখ্য সমন্বয়ক নাভীদ নওরোজ শাহ, জেলা যুগ্ম সমন্বয়কারী ইব্রাহিম খালেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসআর

সম্পর্কিত খবর