আওয়ামী লীগের সময়ে যেভাবে মিডিয়া দখল করা হতো, বর্তমান সময়ে একই কায়দায় কোনো অভিজ্ঞতা ছাড়াই দলীয় নেতাকর্মী দিয়ে মিডিয়ার গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির
(এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির এক যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন,
বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়া ও মেজর জিয়াকে সামনে রেখে ধানের শীষে ভোট দিলেও এবং তারেক রহমান যোগ্য পিতা-মাতার উত্তরসূরী হিসেবে সুযোগ পেলেও, আগের বাংলাদেশের লক্ষণ আবারও দেখা যাচ্ছে। অভ্যুত্থানের আগে দেশে যেভাবে চাঁদাবাজি হতো এখনও তা চলছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, একই কাজ যদি বিএনপির নেতাকর্মীদের দিয়ে আবারও হয় তবে আগামীর বাংলাদেশে কেউ আর টিকে থাকতে পারবে না।
সীমান্তে হত্যাকাণ্ড বা অন্য দেশের দাদাগিরি কেউ চায় না উল্লেখ করে তিনি বলেন, যারা ক্ষমতায় আসতে না আসতেই এ কাজ শুরু করেছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। সারজিস আলম আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে বিএনপিকে ৫০ শতাংশ মানুষ ভোট দিলেও তিন মাস যেতে না যেতেই তারা এখন হতাশ ও প্রতারিত বোধ করছে, যা মনে রেখে আগামী স্থানীয় নির্বাচনে ভোট দিতে হবে।
এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব আতিকুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ ও এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন প্রমুখ।
এসআর