দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো পুরোপুরি ইতিবাচক ও পরিচ্ছন্ন হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পরও জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি বলেও তিনি আক্ষেপ প্রকাশ করেন।
শুক্রবার (৮ মে) নওগাঁর আত্রাই উপজেলার পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতির সঙ্গে জীবনের দীর্ঘ সময় কাটালেও এখনো দেশের রাজনৈতিক পরিবেশ কাঙ্ক্ষিত মাত্রায় উন্নত হয়নি।
মানুষের আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের, আর সেই লক্ষ্যেই বহু আন্দোলন ও ত্যাগের ইতিহাস রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক।
তবে অতীতের শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, ব্যাংকিং খাত ও প্রশাসনিক ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কেউ যেন নতুন পরিবর্তনের ধারা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা না করে।
দেশে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলসহ সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে নতুন করে কোনো অস্থিরতা সৃষ্টি না হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, পতিসর অঞ্চলে এসে রবীন্দ্রনাথ কৃষকদের জীবনযাত্রা কাছ থেকে দেখেছিলেন এবং তাদের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছিলেন।
কৃষি আধুনিকায়ন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে তার অবদান আজও স্মরণীয়।
তিনি বলেন, সাহিত্য, সংগীত, নাটকসহ সংস্কৃতির নানা ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান বিশ্বব্যাপী সমাদৃত। তার সৃষ্টিকর্ম মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা বহন করে।
এসআর