জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, রাষ্ট্রের কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নের পথে সরকার আগের অবস্থান থেকে সরে যাচ্ছে।
তার মতে, জনগণের মধ্যে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না।
রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।
বক্তব্যে তিনি বলেন, বিচারব্যবস্থার স্বাধীনতা, প্রশাসনে পুনর্গঠন এবং পুলিশ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি প্রত্যাশিত হলেও তা বাস্তবে দেখা যাচ্ছে না।
সরকারের কার্যপ্রণালীর সমালোচনা করে হাসনাত বলেন, সবকিছু নিয়ন্ত্রণে রাখার প্রবণতা সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। তার মতে, এই মনোভাব থেকে বের না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হবে।
জ্বালানি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বনির্ভরতা অর্জন না হলে শিল্প ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে। ঘন ঘন বিদ্যুৎ সমস্যার কারণে শিল্পকারখানাগুলো চাপে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ খাতে পিছিয়ে থাকলে ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে।
প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে তিনি জানান, তারা জ্বালানির উৎস বৈচিত্র্যকরণে এগিয়ে যাচ্ছে এবং নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে। একই পথে না এগোলে দেশের জ্বালানি খাতের চ্যালেঞ্জ আরও বাড়বে বলে সতর্ক করেন তিনি।
এসআর